ভারত-পাকিস্তান সিরিজ আরব আমিরাতে


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৩ মে ২০১৫

ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ চলতি বছরের শেষ দিকেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দিল্লি সফররত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে ভারতীয় বোর্ড এতে রাজি থাকলেও ভারত সরকার এখনও তাদের সম্মতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি।

২০১৪ সালেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছিল পরবর্তী আট বছরে দুই দেশ অন্তত পাঁচটি সিরিজ খেলবে।

গত শনিবার ভারতে এসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এ বছরের ডিসেম্বরেই প্রথম সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের জন্য কথাবার্তা বলেন ভারতীয় বোর্ডের প্রধান জগমোহন ডালমিয়ার সঙ্গে।

কিন্তু এরপর ভারতের পার্লামেন্টে কোনও কোনও বিজেপি এমপি এই সিরিজ খেলার বিরুদ্ধে মত দেন, সরকারও এই সিরিজে সায় দেবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়।

তবে বুধবার দিল্লিতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক সেরে শহিারয়ার খান আশা প্রকাশ করেছেন- সিরিজ হবেই, যদিও ভারত সরকার এ ব্যাপারে এখনও তাদের মতামত জানায়নি।

ইউএই-র এই সিরিজে তিনটি টেস্ট, পাঁচটি এক দিনের ম্যাচ এবং দুটি টি টোয়েন্টি থাকবে বলে জানিয়েছেন শাহরিয়ার খান।

ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু যেহেতু ভারত এখনই পূর্ণাঙ্গ সফরে পাকিস্তান যেতে পারছে না, তাই আমরা ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারতের সঙ্গে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি।

ভারত-পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট সিরিজ খেলা হয়েছে প্রায় সাত বছর আগে। মুম্বাইয়ে জঙ্গী-হামলার পর থেকেই তা এখন পর্যন্ত বন্ধ আছে।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট টিমের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করেনি।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।