ব্যর্থ রোনালদো!


প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৬ মে ২০১৫

দুর্দান্ত একটা মৌসুম শুরু করার পর রিয়ালকে এ বছর থাকতে হচ্ছে শিরোপাশূন্য। কোপা ডেল রের আশা আগেই শেষ, চ্যাম্পিয়ান্স লিগের সাথে লিগের আশাও প্রায় শেষ। আসলে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে, সে প্রসঙ্গেই উঠে আসছে রোনালদোর ব্যর্থতার প্রসঙ্গ।

শিরোপাশূন্য মৌসুম নিশ্চিত হওয়ার পর নানা দিক থেকেই ধেঁয়ে আসছে রোনালদোর সমালোচনা। তার সর্বশেষটি ছুড়েছেন এসি মিলানের সাবেক কোচ অ্যারিগো সাচ্চি। রোনালদোর কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে তিনি বলেছেন, গত কয়েক মাস ধরে প্রতিপক্ষের একজন ডিফেন্ডারকেও পরাস্ত করতে পারেননি রোনালদো। এটাই তার ব্যর্থতার মূল কারণ।

সাচ্চির মতে, নিয়মিত গোল পেলেও আসলে ফর্মে নেই রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের সেমির দুই লেগে দুটি গোল পেয়েছেন। তবে এর আগে লিগে ৪ ম্যাচে গোল নেই তার। সে আসলে অনেক গোল করেছে বলে চোখে লাগছে না। আদতে সে ডিফেন্ডারদের পরাস্ত করে ম্যাচের ফলাফল পাল্টে দেয়ার মত গোল করতে পারছে না। এটাই তার ব্যর্থতা।

২০০৪ সালে রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সাচ্চি। রিয়ালের সেরা তারকাকে নিয়ে তাই বলছেন,‘প্রায় তিন মাস ধরে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিপক্ষকে রক্ষণভাগের খেলোয়াড়কে পরাভূত করতে পারছে না। তবে সে গোল পাচ্ছে। কারণ সে একজন যোদ্ধা। তবে সত্যিকার অর্থে সে ফর্মে নেই।’

উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলে সর্বোচ্চ গোলদাতা তিনি। লা লিগায় সর্বোচ্চ ৪২ গোল তার। যেখানে মেসির ৪০টি। চ্যাম্পিয়ন্স লিগে মেসির সাথে সর্বোচ্চ ১০টি গোলের মালিক। সব মিলিয়ে গোল করেছেন ৫৫টি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।