বিদায় নিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০
পুরস্কারের অর্থমূল্যের বিচার আইপিএলের থেকে বেশি টাকা পাওয়া যায় চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতলে। কিন্তু কখনই দর্শকদের স্নেহধন্য হতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ। তাই এবার বন্ধ হতে চলেছে বিভিন্ন দেশের ঘরোয়া টি-২০ সেরাদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতা। তার পরিবর্তে আসছে মিনি আইপিএল।
২০০৯ সাল থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ সেভাবে জনপ্রিয়তা পায়নি। টিআরপি থেকে শুরু করে স্পন্সরশিপ সবকিছুতেই বড় ধাক্কা খেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। আর তাই ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার।
এই সুযোগে ভারতীয় বোর্ড আনতে চাইছে মিনি আইপিএল। আইপিএলের প্রথম চারটি দলকে নিয়ে হবে আইপিএলের সিক্যুয়েল এই প্রতিযোগিতা। বোর্ডের নতুন সচিব অনুরাগ ঠাকুরও এই বিষয়টা নিশ্চিত করেছেন। এমনও শোনা যাচ্ছে মিনি আইপিএল হবে দুবাইয়ে, কারণ সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বৃষ্টি বেশি হয়।
এমআর/আরআইপি