টাইগারদের নিয়ে আবারো গাভাস্কারের সতর্কবাণী
সাবেক পাকিস্তানি পেসার ওয়াসিম আকরামের পর এবার বাংলাদেশ সফর নিয়ে ধোনিদের সাবধান করলেন ভারতীয় সাবেক ক্রিকেট তারকা সুনিল গাভাস্কার। গাভাস্কার অবশ্য বিশ্বকাপের সময় থেকেই টাইগারদের নিয়ে স্বদেশীদের সাবধান করে যাচ্ছেন।
জুনে এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। সিরিজে মুশফিক-তামিমদের হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। উত্তরসূরিদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। সদ্যই তারা পাকিস্তানকে হারিয়েছে। ভারতের খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই। তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাদের বিপক্ষে জয় পেতে হলে সিরিজ জুড়ে সম্পূর্ণ মনোযোগ ধরে রাখতে হবে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের দাপুটে পারফরমেন্সের প্রসঙ্গ টেনে ওয়াসিম আকরামও কোহলি-ধোনিদের হুশিয়ারি শোনান। নিজেদের মাঠে বাংলাদেশ দলকে বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ভারতীয় নির্বাচকরা অবশ্য পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে সিরিজের জন্য। বিষয়টি গাভাস্কারের কাছে সন্তোষজনক পদক্ষেপ বলে মনে হয়েছে। এজন্য নির্বাচকদের চিন্তার প্রশংসা করেছেন তিনি। আগামী ১০ জুন ফতুল্লায় বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে। তিন ওয়ানডের সিরিজ শুরু হবে ১৮ জুন থেকে।
এমআর/পিআর