মিনিটে আয় ৪৭ কোটি টাকা!


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২২ মে ২০১৫

প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রের মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার আয় করেন ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা। প্রতি মিনিটে মানুষ ১৫-১৬ বার শ্বাস-প্রশ্বাস নেয়। অর্থাৎ প্রতিবার শ্বাস-প্রশ্বাস নেয়ার সময় মেওয়েদারের আয় প্রায় তিন কোটি টাকা!

প্রতিবছর খেলোয়াড়দের বার্ষিক আয়ের হিসাব দেয় ইএসপিএন সাময়িকী। তাতেই উঠে এসেছে, গত ২ মে থাইল্যান্ডের ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে ওয়ার্ল্ড বক্সিং অর্গানাইজেশনের খেতাব জেতায় এ বছর সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ মেওয়েদার। সেই লড়াইয়ের মোট আর্থিক মূল্য ছিল প্রায় ৫০ কোটি ডলার। যেটি ২০১৪ সালে টোঙ্গা দেশটির মোট জিডিপির সমান!

ওই লড়াই জিতে আনুমানিক ২৫ কোটি ডলার আয় করেছেন মেওয়েদার। আর হেরে প্যাকিয়াওয়ের পকেটে গেছে ১৫ কোটি ডলার। এক লড়াই দিয়েই মেওয়েদার যা আয় করেছেন, সারা বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আয় করেন এর পাঁচ ভাগের এক ভাগ!

এদিক দিয়ে লিওনেল মেসি কিছুটা সান্ত্বনা পেতে পারেন। অন্তত এ বছর রোনাল্ডোর চেয়ে তার আয় বেশি। স্বাভাবিকভাবেই এ বছরের তালিকায় প্রথম দুই স্থান দুই বক্সারের দখলে। এরপরই আছেন মেসি (৫ কোটি ৬৩ লাখ ডলার) এবং রোনাল্ডো (৫ কোটি ডলার)। রোনাল্ডোর ৫ কোটি ৫ দিয়ে গুণ করলেই বেরোচ্ছে মেওয়েদারের আয়!

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।