বিরাটকে সামলাতে শক্ত কোচ!
ইদানীং মাঠের বাইরে একাধিক বিতর্কে জড়িয়েছে তার নাম। সেই প্রেক্ষাপটে বিরাট কোহলিকে সামলাতে একজন ‘শক্ত কোচ’ চাই বলে অভিমত জানিয়েছেন বিষেন সিংহ বেদী। মেজাজী ধাঁচের ছেলে বলে ইতিমধ্যেই ইমেজ তৈরি হয়ে গেছে ভারতীয় অধিনায়কের পদ পাওয়া বিরাটের।
এ ব্যাপারে প্রাক্তন টেস্ট অধিনায়ক তথা অতীতের প্রবাদপ্রতিম বা-হাতি স্পিনার বেদী জানিয়েছেন, মিডিয়ার একাংশে যেভাবে বিরাটের ‘আগ্রাসী মনোভাবে’র সুখ্যাতি করা হচ্ছে, তাতে তিনি খুব একটা খুশি নন।
বেদী বলেছেন, আমার মতে, বিরাটের প্রয়োজন একজন ভালো কোচের, যিনি বিরাটকে পথ দেখাতে পারবেন। সেই কোচকে অবশ্যই ওর মেজাজ, টেম্পারামেন্টের রাশ ধরে রাখতে জানতে হবে। কোহলি মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে ফেলেন। এটা বদলাতে হবে। ক্রিকেট কিন্তু কাবাডি বা খোঁ-খোঁ খেলা নয়। লম্বা সময় ধরে ক্রিকেট খেলতে হলে মেজাজের রাশ আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে।
সোজাসাপটা কথা বলতে ভালোবাসেন বলে পরিচিতি আছে বেদীর। সেই তিনি বলেছেন, মিডিয়া বিরাটের আগ্রাসী ইমেজটা তৈরি করেছে। মিডিয়া ওকে শেষ করে দিতেও পারে। ওকে খুব সতর্ক থাকতে হবে। ওর প্রতিটি পদক্ষেপ কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে নজরে রাখা হবে।
কিন্তু কোহলিকে কঠোর অনুশাসনের জালে বেঁধে রাখবেন, এমন কোচ কে আছেন? সরাসরি জবাব এড়িয়ে গেছেন বেদী। শুধু বলেছেন, রবি শাস্ত্রী, সৌরভ গাঙ্গুলি যে চোখে কোহলিকে দেখেন, একইভাবে হয়তো দেখেন না শচীন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। ক্রিকেট এমন একটা খেলা যা আপনাকে বিনয়ী হতে বলে, অনেক ভালো কিছু শেখায়।
কোহলির কি সম্প্রতি ফোকাস কিছুটা নষ্ট হয়েছে? এমন প্রশ্নের জবাবে বেদী অবশ্য বলেন, তেমনটা হবে না, এটাই আমার প্রত্যাশা।
বিএ/এমএস