নেইমারের বিরুদ্ধে সান্তোসের মামলা


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ৩০ মে ২০১৫

তথ্য গোপন করার অভিযোগে নেইমার, তার বাবা নেইমার ডি সিলভা ও নেইমারের বর্তমান ক্লাব বার্সেলোনার বিপক্ষে মামলা করেছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। স্প্যানিশ একটি ক্রীড়া দৈনিক বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সান্তোস প্রেসিডেন্ট মদেস্তো রোমা জুনিয়র বলেন, নেইমারের সঙ্গে চুক্তির ব্যাপারে বার্সেলোনা তথ্য গোপন করেছে। আর একারণে বৃহস্পতিবার ফিফার কাছে বার্সেলোনা, নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র, নেইমার সিলভা সান্তোস ও নেইমার স্পোর্টস মার্কেটিং লিমিটেডের বিরুদ্ধে সান্তোস আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।

২০১৩ সালে সান্তোস থেকেই ন্যু-ক্যাম্পে পাড়ি জমিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান তারকাকে ৫৭ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানোর কথা বলা হলেও চুক্তিটা নাকি ৮৩ মিলিয়ন ইউরোতে হয়েছে। এজন্য ক্ষতিপূরণ দাবি করে সান্তোস অভিযোগ দায়ের করে।

৫৭ মিলিয়ন ইউরোর যে চুক্তির কথা বলা হয়েছিল সেখান থেকে মাত্র ১৭.১ মিলিয়ন ইউরো পায় ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। বাকি অর্থ যায় নেইমারের বাবার পকেটে। তবে চুক্তিটা ৮৩ ‍মিলিয়ন ইউরোতে হয়েছে বলে জানিয়েছিলেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তোমিউ। যার কারণে মামলার পথ ধরলো ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।