ফিফা সভাপতির পদ থেকে সেপ ব্ল্যাটারের পদত্যাগ


প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০২ জুন ২০১৫

ফিফাতে ঘুষ কেলেঙ্কারির মধ্যেই মঙ্গলবার বিস্ফোরণ ঘটালেন সেপ ব্ল্যাটার। নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। এদিন সংবাদ সম্মেলন ডেকে নিজের মুখেই সরে যাওয়ার কথা ঘোষণা করেন ব্ল্যাটার।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ফিফার বিরুদ্ধে হওয়া বিশাল দুর্নীতি বিতর্কের মধ্যেই পঞ্চমবারের জন্য সভাপতি নির্বাচিত হন ৭৯ বছরের এই সুইস প্রবীণ ফুটবল প্রশাসক। জিতেই অবশ্য একহাত নিয়েছিলেন সমালোচকদের। যদিও সংগঠনের মধ্যেই বেশ কোনঠাসা হয়ে পড়েছিলেন তিনি। ফিফাকে কলঙ্কমুক্ত করার চাপ আসছিল স্পন্সরদের পক্ষ থেকেও।

উল্লেখ্য, গত সপ্তাহে ফিফার ফুটবল ঐতিহ্যে কালো দাগ লাগে যখন ৯০০ কোটি টাকার দুর্নীতি মামলায় জুরিখ থেকে গ্রেফতার করা হয় সংস্থার দুই ভাইস প্রেসিডেন্টসহ ১৪ জন ফিফা কর্মকর্তাকে। ফিফার বার্ষিক সভা উপলক্ষে সুইজারল্যান্ডের একটি হোটেলে জড়ো হন ফিফা কর্মকর্তারা। পুলিশ তাঁদের গ্রেফতার করে। ঘটনার পরেই ১১ জন কর্তাকে সাসপেন্ড করে ফিফা কর্তৃপক্ষ।

লাতিন আমেরিকার ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন স্বত্ব দেওয়া নিয়ে ১৫ কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে আটককৃত ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই।

এদিকে, এই ঘটনাকে ‘ফুটবল-বিশ্বের খারাপ সময়’ বলে স্বীকার করে নেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে, ফুটবল প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ফিফা সক্রিয় ভূমিকা নেবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। মার্কিন ক্রীড়া সরঞ্জাম সংস্থা নাইকোর বিরুদ্ধেও ফিফা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তারাও তদন্তে সহযোগিতার আশ্বাস দেয়।

ফিফা কেলেঙ্কারির জেরে ক্রমাগত চাপ বাড়ছিল ব্ল্যাটারের ওপর। লাগাতার পদত্যাগের দাবি উঠছিল৷ তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন ব্ল্যাটার৷ তাঁর দাবি ছিল, সভাপতি নির্বাচনের সময়েই এই গ্রেফতারি কাকতালীয় হতেই পারে না। ব্ল্যাটারের পদত্যাগের দাবি তোলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ ব্ল্যাটারের বিরুদ্ধে কথা বলেছে ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ডও৷

কিন্তু সব প্রতিকূলতাকে ছাপিয়ে শেষ হাসি হাসেন ব্ল্যাটারই। তিনিই পঞ্চমবারের জন্য সভাপতি নির্বাচিত হন। ভোটাভুটির প্রথম রাউন্ডে ব্ল্যাটার ১৩৩-৭৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে সরে দাঁড়ান প্রতিপক্ষ প্রিন্স আল হুসেন৷ কিন্তু, জেতার চারদিনের মাথায় পদত্যাগ করলেন ব্ল্যাটার। এদিন এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে ব্ল্যাটার জানান, মনে হচ্ছে তাঁর এই জয়ে অনেকেই খুশি নন। তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। তিনি যে ফিফা সংগঠনের কলঙ্কমুক্তি চান, তাও এদিন জানাতে ভোলেননি। তিনি বলেন, ফিফায় পুনর্নির্বাচন প্রয়োজন। সূত্র মতে, নতুন নির্বাচন আগামী ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে হওয়ার কথা।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।