কর ফাঁকির অভিযোগে মিসবাহর গাড়ি বাজেয়াপ্ত


প্রকাশিত: ১০:০৮ পিএম, ০২ জুন ২০১৫

সময়টা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের। বিশ্বকাপের দলের পারফরম্যান্স নিয়ে ঘরে বাইরে বার বার বিদ্ধ হয়েছেন। সাবেকদের ধারালো মন্তব্যে নাজেহাল হতে হয়েছে। সেই কাটা ঘাতে নুননের ছিটে পড়ল। সোমবার মিসবার সাধের ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেডেরাল বোর্ড অফ রেভিনিউ অ্যান্ড ট্যাক্সেশন দফতর বাজেয়াপ্ত করে। অভিযোগ, গাড়িটি কেনার সময় প্রয়োজনীয় এক্সাইজ ডিউটি এবং কর তিনি মেটাননি।

গত বছর অক্টোবর মাসে মিসবাহর ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছিল কর পাকিস্তানের দফতর। প্রায় ৪০ লাখ রুপি আয়কর বাকি রেখেছিলেন তিনি। শেষ পর্যন্ত অর্থমন্ত্রী ইশাক দারের সঙ্গে দেখা করে ব্যাপারটি মিটমাট করে নেন তিনি। জানা গেছে, সে সময় মিসবাহর সঙ্গে আরো কয়েক জন পাক ক্রিকেটার ছিলেন যারা এই একই সমস্যায় ভুগছিলেন।

গাড়িটি বাজেয়াপ্ত করে কর দফতরের তরফ থেকে তাকে সাথে সাথে একটি নোটিশও ধরানো হয়। তাতে লেখা ছিল, যদি গাড়িটি ফেরত নিতে হয়, তবে পেনাল্টিসহ সমস্ত রকম বাকি কর এবং এক্সাইজ ডিউটি অবিলম্বে মিটিয়ে দিতে হবে তাকে।

তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে শিগগিরই যাচ্ছে। আপাতত তা নিয়েই লাহোরে অনুশীলনে ব্যস্ত  রয়েছেন এই সিনিয়র ব্যাটসম্যান। এ সম্পর্কে তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।