ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৩ জুন ২০১৫

আসন্ন ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন। এ ছাড়া দলে আছেন লিটন কুমার দাস।

বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারা দলেই আস্থা রেখেছে তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

ঘোষিত টেস্ট দলে উপেক্ষিত রয়েছেন নাসির হোসেন ও এনামুল হক। সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ এবারও টেস্ট দলে জায়গা পাননি।

১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে ৮ জুন সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস।

আরটি/এমআর/এমএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।