হচ্ছে না সুয়ারেস-কিয়েল্লিনির দ্বৈরথ
বার্লিনে আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও জুভেন্টাস। এই লড়াইয়ের পাশাপাশি সুয়ারেস ও কিয়েল্লিনির আরো একটি লড়াইয়ের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু দুই আলোচিত তারকা সামনা-সামনি কি করেন তা আর দেখা হলো না ফুটবল প্রেমিদের।
বুধবার অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পান কিয়েল্লিনি। এক বিবৃতিতে জুভেন্টাস থেকে জানানো হয়, শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে বার্জাগলিকে দলে নিয়েছে জুভেন্টাস।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালি উরুগুয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে কিয়েল্লিনিকে কামড় দিয়েছিলেন সুয়ারেস। কিন্তু রেফারী সে ঘটনা না দেখায় মাঠে কোন কার্ড পাননি তিনি। তবে পড়ে ফিফা তাকে সব ধরনের ফুটবল থেকে চার মাসের জন্য এবং উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করে।
সেই ঘটনার পর এবারই প্রথম মুখোমুখি হবার সুযোগ ছিল তাদের। দুই দল যখন বার্লিনে নিজেদের ফাইনাল নিশ্চিত করে তখন থেকেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছিল। যদিও কিয়েল্লিনি আগেই জানিয়েছিলেন তিনি সে ঘটনা ভুলে গিয়েছেন। বার্লিনে তার সাথে হাত মিলাবেন তিনি। কিন্তু আপাতত তাদের হাত মিলানো হচ্ছে না।
আরটি/আরএস/পিআর