ম্যানেজারের দায়িত্ব থেকে সুজনের পদত্যাগ


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৮ জুন ২০১৫

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। রোববার রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে এক ইমেইলে পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

গুঞ্জন শুনা যাচ্ছে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাঈমুর রহমানকেও তার সরে যাওয়ার কথা জানিয়েছেন এই সাবেক অলরাউন্ডার। যদিও নাঈমুর এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

অন্যদের তুলনায় মাহমুদ ম্যানেজার হিসাবে একটু বেশি বেতন নিয়ে থাকেন বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। অতীতের অন্যসকল জাতীয় দলের বেতনভুক্ত ম্যানেজারের মাসিক বেতন কখনোই এক লাখ টাকার বেশি হয়নি। তবে মাহমুদ মাসিক বেতন ৩ লাখ টাকার উপরে বলে জানায় সূত্রটি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া বিশ্বকাপে তার বিরুদ্ধে ক্যাসিনোতে জুয়া খেলার অভিযোগও উঠেছিল। একটি বেসরকারী টেলিভিশনে প্রমানসহ প্রতিবেদনও প্রচার করে। তবে তিনি ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করলেও জুয়া খেলেননি বলে দাবি করেন।

রোববার রাতে ম্যানেজার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন মাহমুদ। তবে তার পদত্যাগ পত্র বিসিবি গ্রহণ করেছে কি না তা এখনো জানা যায়নি।

আরটি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।