ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন সার্বিয়া
ফুটবল এমনই নিষ্ঠুর এক খেলা। পুরো ম্যাচে রাজত্ব করবে এক দল, জিতবে তার প্রতিপক্ষ। এমনটা হয়েছে হাজারবার। আজও হলো। অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হল সার্বিয়ার যুবারা।
বড়দের মতো ছোটরাও পাঁচবার বিশ্বকাপ জিতেছে। ষষ্ঠ শিরোপা মিশনে সেলেসাও যুবারা পাসিং ফুটবল খেললো, বল দখলে রাখলো ৬৭ ভাগ সময়, গোলমুখে শট নিলো ২৪ বার, কিন্তু গোল হলো একটি! আর সার্বিয়ার সোনালি প্রজন্মের যুবারা খেললো পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল। নিজেদের রক্ষণটা আঁটসাট রেখে সুযোগ পেয়ে আক্রমণে উঠে বের করে নিলো দুই গোল। আর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ার কান্না তাদের।
মার্কোস-জিয়ান কার্লোসদের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সার্ব ডিফেন্স। ডিফেন্স চিড়ে যে বল গুলো বেরিয়েছে, সেগুলো প্রতিহত করেছেন টুর্নামেন্টের সেরা গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচ। সত্তর মিনিটে খেলার ধারার বিপরীতে সার্বিয়াকে এগিয়ে দেন স্ট্যানিসা ম্যানডিচ। তিন মিনিট পরেই বদলি খেলোয়াড় আন্দ্রেয়াস পেরেইরার গোলে সমতা আনে ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোলে। জয়ের নেশায় মরিয়া ব্রাজিলের রক্ষণভাগের সব খেলোয়াড়ই উঠে যান আক্রমণভাগে। সেই সুযোগটিই নেয় সার্বিয়া। অতিরিক্ত সময়ের দুই মিনিট বাকী থাকতে প্রতি আক্রমণ থেকে শূন্যরক্ষণে গোল করে সার্বিয়াকে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ এনে দেন নেমায়া মাকসিমোভিচ।
এমআর/এমএস