টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ


প্রকাশিত: ০৯:১০ এএম, ২০ জুন ২০১৫

পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাকানিচুবানি খেয়ে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। আর এই হারের পর থেকেই সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে ভারতীয় দল।

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন, বাংলাদেশকে খাটো করে দেখার কারণেই হেরেছেন ধোনি, কোহলিরা। তবে ভারতের সমালোচনা করলেও  বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সৌরভ। পাকিস্তান সিরিজকে টেনে এনে সৌরভ বলেন, যারা পাকিস্তানকে পরপর চার ম্যাচে হারিয়েছে, তাদের খাটো করে দেখা উচিত হয়নি।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সৌরভ বলেন, ভারত বা অন্য বড় দল দেখলেই এত দিন বাংলাদেশ ফিল্ডিং ছড়িয়ে দিত। কিন্তু ইদানীং ওরা ইনার সার্কেলের মধ্যে যথাসম্ভব বেশি ফিল্ডার রাখছে। এই ভাবনাটাই ওদের আরো আক্রমণাত্মক করে তুলেছে। এর জন্য ওদের বোলিং কোচ হিথ স্ট্রিকের কৃতিত্ব প্রাপ্য।

তবে প্রথম ম্যাচ হারলেও ভারতকেই সিরিজে এগিয়ে রাখছেন সৌরভ, একটা ম্যাচ হারলেও মনে হয় পরের দুই ম্যাচে ভারতই ভালো খেলবে। সিরিজও জিতবে।

তিনি আরও বলেন, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিতে হবে। আমার বিশ্বাস, পরের দুই ম্যাচে ওরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আরো ভালো ক্রিকেট খেলবে। এখনো মনে করি ভারতই সিরিজে এগিয়ে। তবে বৃষ্টি চিন্তায় রাখবে। পুরো ম্যাচ না হলে কী হবে, বলা কঠিন।
 
মুস্তাফিজুর রহমানের সঙ্গে ধোনির ধাক্কা-কাণ্ড নেহাতই দুর্ঘটনা বলে মনে করেন সৌরভ। ধোনি ইচ্ছা করে ধাক্কা মারেনি বলে মত দেন তিনি, ‘ধোনি মোটেই ইচ্ছে করে ধাক্কা মারেনি। টিভিতে ঘটনাটার রিপ্লে দেখে মনে হয়নি দুজনের কেউই এটা ইচ্ছে করে ঘটিয়েছে। বড়সড় কোনো ধাক্কা এড়ানোর জন্য ওকে সরাতে গিয়েছিল। ওখানে ওকে ইচ্ছে করে আঘাত করতে যাবে কেন?

যদিও ওই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের বলেছেন, ধোনি ইচ্ছা করেই মুস্তাফিজকে ধাক্কাটা মেরেছেন। ধোনি চাইলেই সংঘাতটা এড়িয়ে যেতে পারতেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।