নতুন নিয়মে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৭ জুন ২০১৫

৫ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজ। আর এই ম্যাচ দিয়ে নতুন নিয়মে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়ম অনুযায়ী, টি-২০তেও যেকোনো নো-বলে ফ্রি হিট পাবেন ব্যাটসম্যান। এর আগে শুধুমাত্র বোলারের ওভারস্টেপিংয়ের (লাইন মিস) জন্য নো বলে ফ্রি হিট পেতেন ব্যাটসম্যান।

শুক্রবার বার্বাডোজে আইসিসির বার্ষিক সভায় নতুন এ নিয়মের কথা জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। এছাড়াও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কয়েকটি নিয়ম চালু হচ্ছে বলেও জানান তিনি। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ করে।

প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দুই জন ‘ক্লোজ ফিল্ডার’রাখার নিয়ম বাদ দেওয়া হয়েছে। আর এখন থেকে শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখা যাবে। আগে যেখানে চারজন ফিল্ডার রাখা যেত। ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন।

টি-২০ সিরিজ শেষে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ১০ জুলাই মিরপুরে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। ১২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।

ওয়ানডে সিরিজ শেষে ২১-২৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ৩০ জুলাই থেকে ৩ আগস্ট মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকা দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০০৮ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ হয় টাইগাররা।

উল্লেখ্য, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থান যথাক্রমে ১, ৪, ৬। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৯, ৭, ৯।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।