ইয়ুথ র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন স্বর্নাভো
প্রথম শেখ রাসেল ইয়ুথ র্যাপিড দাবায় স্বর্নাভো চৌধুরী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। স্বর্নাভো ৭ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রানার-আপ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয় ও মো. আজমাইন পারভেজ সায়র চতুর্থ হয়েছেন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে মো. সাজিদুল হক পঞ্চম, ওয়ারসিয়া খুশবু ষষ্ঠ ও সাফায়েত কিবরিয়া আজান সপ্তম স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে অষ্টম হন তাহমিদুল হক। বিশেষ পুরস্কার লাভ করেন অনূর্ধ্ব-১৪ বিভাগ আহনাফ রশিদ চৌধুরী, অনূর্ধ্ব-১২ বিভাগে আয়ান রহমান, অনূর্ধ্ব-১০ বিভাগে ওয়ারিসা হায়দার এবং বালিকা বিভাগে ওয়াদিফা আহমেদ।
শুক্রবার দিনব্যাপি এ র্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ বছর বয়সী ৯৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও ফেডারেশনের সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
আরআই/এমএমআর/এএসএম