চবিতে প্রথম নারী উপ-উপাচার্য


প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৯ মার্চ ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী অধ্যাপক এ পদে নিয়োগ পেলেন।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপ-উপাচার্যর নিয়োগ-সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুযায়ি শিরীন আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।  
 
উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজট দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ ছাড়া ছাত্রীদের যাতে আর কোনো রকমের হয়রানি হতে না হয় সে ব্যাপারে আমার লক্ষ্য থাকবে।

ড. শিরীন আখতার ১৯৯১ সনে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এমএ এবং ১৯৭৬ সালে বিএ অনার্স করেন।
 
১৯৯৬ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। ২০০৬ সালের ২৫ জানুয়ারি তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে ছিলেন অধ্যাপক শিরীন আখতার।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।