১৩ বছর পর ফের মুখোমুখি জিদান-এনরিকে


প্রকাশিত: ০১:৩০ পিএম, ০২ এপ্রিল ২০১৬

সান্তিয়াগো বার্নাব্যু, ১৯ এপ্রিল, ২০০৩ সাল। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো খেলতে নামলো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ওই সময় জিদান, রোনালদো, ফিগো, রাউল এবং কার্লোসদের নিয়ে রিয়াল মাদ্রিদের স্বপ্নের গ্যালাকটিকো। একগাদা তারকায় ঠাসা দুর্দান্ত রিয়াল মাদ্রিদ টিম। অপরদিকে লুইস এনরিকের অধিনায়কত্বে বার্সেলোনা দলেও ছিলেন মারকুয়েজ, রোনালদিনহো, জাভি, ইনিয়েস্তারা।

জমজমাট লড়াইয়ের এক পর্যায়ে জিদান বল নিয়ে এগিয়ে যেতে থাকলে তাকে বাধা দিতে আসা পুয়োলকে ফাউল করে বসেন এই ফরাসী অ্যাটাকিং মিডফিল্ডার। তৎক্ষণাৎ বার্সা অধিনায়ক এনরিকে দৌড়ে চলে আসেন জিদানের সামনে, বাক-বিতণ্ডা শুরু হয়ে যায় দুজনের মাঝে। এক পর্যায়ে হঠাৎই এনরিকের মুখে ধাক্কা দিয়ে বসেন জিদান। তাদের থামাতে এগিয়ে আসেন দলের অন্যান্য সদস্যরাও। শেষমেষ ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। আসলে এল ক্ল্যাসিকোর উত্তেজনাটাই এমন। মাঠের বাইরেই নয়, উত্তেজনার পারদ ছড়ায় মাঠের ভেতরেও, খেলোয়াড়দের মাঝে।

Zidane

ওই ম্যাচের পর কেটে গেছে প্রায় ১৩ বছর। আজই বার্নাব্যুতে বসতে যাচ্ছে আরেকটি এল-ক্লাসিকো। ১৩ বছর পর আবার মুখোমুখি সেই জিদান এবং এনরিকে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়। তাদের দু’জনের এবারের দ্বৈরথ অন্য ভূমিকায়, ম্যানেজার হিসেবে ডাগআউটে। অনেকেরই ধারণা, খেলোয়াড়ী জীবনের সেই শত্রুভাবাপন্ন মনোভাব তাদের কোচিং ক্যারিয়ারেও বজায় থাকবে। এনরিকে অবশ্য আগেই জানিয়েছিলেন যে, মাঠের ওই ঘটনাকে তিনি আর সামনে আনতে চান না এবং সহকর্মী হিসেবে জিদানকে তিনি সম্মান করেন।

খেলোয়াড়ি জীবনে ব্যাক্তিগতভাবে জিদান অনেক এগিয়ে থাকলেও, এল-ক্লাসিকোতে অবশ্য চিত্রটা ভিন্ন। এখানে অনেকটাই এগিয়ে আছেন এনরিকে। জিদানের খেলা ১১টি এল-ক্লাসিকোতে রিয়াল জয় পায় ৪টিতে, তার গোল সংখ্যা ছিল ৩টি। অপরদিকে বার্সেলোনার হয়ে ১৬টি এল-ক্লাসিকো খেলে লুইস এনরিকে জয় পান ৮টিতে, আর তার গোল সংখ্যা ৫টি।

Zidane

২০১৫ সালের নভেম্বরে প্রথম লেগে বার্সেলোনার কাছে হেরে ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হন রাফায়েল বেনিতেজ। তারই স্থলাভিসিক্ত হন জিদান। এদিক দিয়ে বলা যায়, রিয়ালের ম্যানেজারের পদ পেতে বার্সেলোনার পরোক্ষ সহায়তা পেয়েছেন জিদান। অপরদিকে বার্সেলোনার ম্যানেজার হিসেবে এ পর্যন্ত তিনটি এল-ক্লাসিকোতে দায়িত্ব পালন করেছেন এনরিকে। সেখানে প্রথমটিতে হারলেও পরবর্তী দুটি এল-ক্লাসিকোতে জয় তার আত্মবিশ্বাসের পারদ কিছুটা হলেও উপরে রাখবে।

এল-ক্লাসিকোতে খেলোয়াড় হিসেবে জিনেদিন জিদান এবং লুইস এনরিকের রোমাঞ্চকর মুহূর্তগুলো এখনও দর্শকের স্মৃতিতে বেশ দৃশ্যমান হয়ে আছে। একারণেই হয়তো এবারের এল-ক্লাসিকোর দিকে বাড়তি মনোযোগ ফুটবলপ্রেমীদের। হয়তো তারা অপেক্ষা করছে আবারও রোমাঞ্চকর কিছু দেখার জন্য। তবে কি হতে যাচ্ছে আরেকটি জিদান-এনরিক দ্বৈরথ? সেক্ষেত্রে মাঠের বাইরে দর্শকদের নজর তাই থাকছে ডাগ-আউটের দিকেও।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।