রাতে ইউপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দুই দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হওয়ার পরই পরবর্তী নির্বাচনগুলো বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। রোববার রাতে গুলশানে অনুষ্ঠিত দলের শীর্ষ নেতাদের সঙ্গে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

অবশ্য এর আগে নির্বাচন কমিশনে গিয়ে দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান জানিয়েছেন, যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেভাবে পরবর্তী নির্বাচনগুলো না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে নির্বাচনে ব্যর্থ হয়ে লজ্জা ঢাকতেই বিএনপি নির্বাচন থেকে বেরোনোর চিন্তা করছে বলে অভিযোগ আওয়ামী লীগের।

এদিকে সরকারের এমন মন্তব্যের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নির্বাচনে শিশু ও নারীরা যেভাবে খুন হচ্ছে এমন ঘটনায় তাদের লজ্জা পাওয়া উচিত।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ নির্বাচনে বিএনপির আর থাকা ঠিক হবে কি না, আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘ইউপি নির্বাচনে আমাদের কিছু করা লাগে না। আওয়ামী লীগ নিজেরা নিজেরা লড়াই করে ৪২ জন মেরে ফেলেছে। এই খুন-অনাচার-ভোট কারচুপি, এটা আমাদের জন্য সম্মানজনক না। ভোট ডাকাতি, কেন্দ্র দখল, বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়া ও সহিংসতার পর আমাদের জন্য ভোটে থাকা কতটা সম্মানজনক হবে, আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘মানুষজন আগে বিশ্বাস করতো না যে, আওয়ামী লীগ কী জিনিস? কিন্তু এখন গ্রামের লোকেরা তা বুঝতে পারছে। ভোট দিতে গিয়ে দেখে, ভোট দেয়া হয়ে গেছে অথবা ব্যালট পেপার কেড়ে নেয়া হচ্ছে। তাদের চোখের সামনে ক্ষমতাসীনরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশটাকে লুটের মালের মতো যে যেভাবে পারছে খাচ্ছে। এই জন্যই কি আমরা দেশটা স্বাধীন করেছিলাম? যারা মুক্তিযুদ্ধে ছিল না তারা দেশটাকে খাবে- এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? এই জন্যই কি দেশের মানুষ জীবন দিয়েছিল? এ জন্যই কি আমাদের লাখ লাখ মা-বোন ইজ্জত দিয়েছিলেন?’

নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে এমন একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন, জনগণের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই। আমি-আপনি ভোটে নির্বাচিত না হলে জনগণের প্রতি দায়িত্ব কী? এই রকম একটা পরিস্থিতিতে সময় কাটছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’

অন্যদিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘এখনও দেশজুড়ে সহিংসতা অব্যাহত রয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি ও তাণ্ডবে দেশজুড়ে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৪২ জন নিহত হয়েছে।’

বিএনপি পরবর্তী ধাপগুলোর ইউপি নির্বাচন বর্জন করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এসময় বলেন, ‘চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির থাকা না থাকা নিয়ে আজ রাতে নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বেগম খালেদা জিয়া। আলোচনার পর এ বিষয়ে জানানো যাবে।’

এমএম/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।