ইনস্টাগ্রাম প্রোফাইল সুরক্ষিত রাখতে যা করতেই হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ইনস্টাগ্রামের অফিসিয়াল নোটিশের ছদ্মবেশে ভুয়া লিঙ্ক পাঠায় হ্যাকার

ইনস্টাগ্রাম এখন শুধু ছবি-ভিডিও শেয়ার করার মাধ্যম নয়, প্রতারকদের নতুন শিকার ধরার ক্ষেত্র হয়ে উঠেছে। বিশেষ করে ডিরেক্ট মেসেজ ব্যবহার করে নানা ধরনের ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। তারা কখনো আকর্ষণীয় অফার, কখনো পরিচিত ওয়েবসাইটের নাম, আবার কখনো মেটা বা ইনস্টাগ্রামের অফিসিয়াল নোটিশের ছদ্মবেশে ভুয়া লিঙ্ক পাঠায়।

অনেক সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবহারকারীকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। আর একবার ভুল করে সেই লিঙ্কে ক্লিক করে তথ্য দিলে, মুহূর্তেই অ্যাকাউন্ট চলে যেতে পারে প্রতারকদের নিয়ন্ত্রণে। এরপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে তারা অন্যদেরও প্রতারণার ফাঁদে ফেলতে পারে।

প্রতারণার কৌশল কীভাবে কাজ করে
ধরা যাক, আপনার কাছে একটি মেসেজ বা ই-মেইল এল যেখানে বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করতে হবে। সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকে। লিঙ্কটি খুললে দেখতে আসল লগইন পেজের মতোই মনে হয়, কিন্তু সেটি আসলে ভুয়া ওয়েবসাইট। আপনি সেখানে ইউজারনেম ও পাসওয়ার্ড লিখলেই সেই তথ্য সরাসরি চলে যায় প্রতারকদের হাতে। তারপর তারা সহজেই আপনার অ্যাকাউন্ট দখল করে নেয়।

কীভাবে নিরাপদ থাকবেন
এই ধরনের প্রতারণা এড়াতে সবচেয়ে জরুরি সচেতনতা। অচেনা বা সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। লোভনীয় অফার, অর্থ পুরস্কার, গিফট এসব বার্তা দেখলে আগে যাচাই করুন। অপরিচিত অ্যাটাচমেন্ট বা ফাইল, বিশেষ করে এপিকে ফাইল, কখনো ডাউনলোড করবেন না। ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা ওটিপি কারো সঙ্গে শেয়ার করবেন না। পাশাপাশি অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখলে নিরাপত্তা অনেকটাই বাড়ে। সচেতন ব্যবহারই পারে সাইবার প্রতারণার এই ফাঁদ থেকে আপনাকে এবং আপনার পরিচিতদের রক্ষা করতে।

আরও পড়ুন
ইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
ইনস্টাগ্রামে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হলো কি না জানবেন যেভাবে

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।