ওয়ানডেতে ফেরার প্রস্তাব, যা বললেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৫ মে ২০২৬

২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে আবারও জাতীয় দলের ওয়ানডে সেটআপে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজর আগ্রহে মুশফিক ফিরতে পারেন—এমন আলোচনা ছিল ক্রিকেট অঙ্গনে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিজ্ঞ এই ক্রিকেটার নিজেই।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে এসে মুশফিক স্পষ্ট জানিয়ে দেন, ওয়ানডেতে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, ‘ওয়ানডেতে আর ফেরার পরিকল্পনা নেই, যদিও অফার এসেছিলো। তবে আমার মনে হয় আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ব্যালেন্স।’

বর্তমানে শুধু টেস্ট ক্রিকেট খেলা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে মুমিনুল হক ও তাইজুল ইসলামের মতো এক ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারদের প্রশংসা করেন মুশফিক। তার ভাষায়, ‘মুমিনুল তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গেলো দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি। আমি তাদের কষ্টটা বুঝতে পারি। যখন তাদের হাসি দেখি অন্যরকম ভালো লাগে।’

এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানে থেকে শেষ করার লক্ষ্যও জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ঘরের মাঠে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জনের দিকেও জোর দিচ্ছেন তিনি। মুশফিক বলেন, ‘টেস্ট সাইকেল গেলবারের চাইতে ভলো অবস্থানে শেষ করতে চাই। হোমে যতটা সম্ভব পয়েন্ট নিতে চাই।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।