ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:২১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অপরিচিত নম্বর শনাক্ত করা বা স্প্যাম কল ব্লক করার জন্য জনপ্রিয় অ্যাপ ট্রুকলার অনেকেই ব্যবহার করেন। তবে নানা কারণে অনেক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে বা অ্যাপ ব্যবহার বন্ধ করতে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করতে চান।

ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করা খুব কঠিন নয়, তবে সঠিক ধাপ অনুসরণ করা জরুরি। কারণ শুধু অ্যাপ আনইনস্টল করলেই অ্যাকাউন্ট মুছে যায় না। আপনার নম্বর ও তথ্য তাদের সার্ভারে থেকে যেতে পারে। তাই সঠিক পদ্ধতিতে অ্যাকাউন্ট ডিলিট করা জরুরি।

আরও পড়ুন
ট্রুকলারের মাধ্যমে কল রেকর্ড করবেন যেভাবে

ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করার আগে আপনাকে অ্যাপের ভেতর থেকে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে হবে। এজন্য অ্যাপটি খুলে সেটিংস → প্রাইভেসি সেন্টার → ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন। এরপর কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হবে। এই ধাপটি গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি নম্বর আনলিস্ট করতে গেলে অ্যাকাউন্ট সক্রিয় থাকলে তা সম্পূর্ণ মুছে না-ও যেতে পারে।

অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পর দ্বিতীয় ধাপ হলো নম্বরটি ট্রুকলারের ডাটাবেস থেকে সরানো। এজন্য ট্রুকলারের আনলিস্ট পেজে গিয়ে আপনার ফোন নম্বর (দেশ কোডসহ) লিখে ক্যাপচা পূরণ করে আনলিস্ট ফোন নম্বর অপশন চাপতে হবে। সাধারণত কয়েক ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে নম্বরটি তাদের সার্চ রেজাল্ট থেকে সরিয়ে দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, আপনি যদি আবার ট্রুকলার ব্যবহার করে লগইন করেন, তাহলে নম্বরটি আবার তালিকায় যুক্ত হতে পারে।

আরও পড়ুন
আইফোনের জন্য নতুন ফিচার ট্রুকলারের

অনেকেই ভাবেন অ্যাপ ডিলিট করলেই তথ্য মুছে যায়, কিন্তু বাস্তবে তা হয় না। ট্রুকলার মূলত ব্যবহারকারীদের কন্টাক্ট শেয়ারিং সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করে, তাই অন্য কারো ফোনে আপনার নম্বর সেভ থাকলেও তা ডাটাবেসে থাকতে পারে। এজন্য আনলিস্ট করা ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিরাপত্তার দিক থেকেও কিছু বিষয় খেয়াল রাখা দরকার। অ্যাকাউন্ট ডিলিট করার আগে চাইলে প্রোফাইল থেকে নাম, ছবি বা ই-মেইল মুছে দিতে পারেন। এতে তথ্য সংরক্ষিত থাকলেও ব্যক্তিগত পরিচয় প্রকাশ পাবে না। এছাড়া ভবিষ্যতে আবার অ্যাপ ব্যবহার করার পরিকল্পনা থাকলে ডিলিটের বদলে শুধু প্রাইভেসি সেটিংস কাস্টমাইজ করাও একটি বিকল্প।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।