মানসিক স্বাস্থ্য অ্যাপে দেড় হাজারের বেশি নিরাপত্তা ত্রুটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:০০ এএম, ০২ মার্চ ২০২৬
ছবি: এআই

 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা এসেছে জনপ্রিয় কিছু মানসিক স্বাস্থ্য অ্যাপ ঘিরে। গুগল প্লে স্টোরে মিলিয়ন মিলিয়ন ডাউনলোড থাকা একাধিক অ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত থেরাপি কথোপকথন, মুড লগ, ওষুধ সংক্রান্ত তথ্য এমনকি সংবেদনশীল চিকিৎসা বিবরণ ফাঁসের ঝুঁকিতে ফেলতে পারে।

মোবাইল নিরাপত্তা সংস্থা ওভারসিকিউরড ১০টি মানসিক স্বাস্থ্য অ্যাপ পরীক্ষা করে মোট ১ হাজার ৫৭৫টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে। এর মধ্যে ৫৪টি উচ্চ-ঝুঁকির, ৫৩৮টি মাঝারি এবং ৯৮৩টি নিম্ন-ঝুঁকির ত্রুটি ছিল। একটি অ্যাপেই ৮৫টির বেশি মাঝারি ও উচ্চমাত্রার সমস্যা পাওয়া গেছে।

গবেষকদের মতে, এই অ্যাপগুলো অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করে যেমন থেরাপি সেশনের ট্রান্সক্রিপ্ট, ব্যক্তিগত জার্নাল, মুড স্কোর এবং স্ব-ক্ষতির ইঙ্গিত। এমন তথ্য ডার্ক ওয়েবে বিপুল দামে বিক্রি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অ্যাপ বাইরের লিঙ্ক ও কমান্ড সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় হ্যাকাররা লগইন টোকেন বা সেশন ডেটা হাতিয়ে নিতে পারে। ফলে সুরক্ষিত অংশে ঢুকে থেরাপি রেকর্ডে প্রবেশের সুযোগ তৈরি হয়।

আরও উদ্বেগজনক বিষয় হলো, কয়েকটি অ্যাপ ফোনের ভেতরে সংবেদনশীল তথ্য এমনভাবে সংরক্ষণ করে, যা অন্য অ্যাপ থেকেও পড়া সম্ভব। কোথাও নিরাপত্তা কী তৈরিতে দুর্বল পদ্ধতি ব্যবহার করা হয়েছে, আবার কিছু অ্যাপে রুটেড ডিভাইস শনাক্ত করার ব্যবস্থাও নেই। গবেষণায় দেখা গেছে, পরীক্ষিত ১০টি অ্যাপের মধ্যে মাত্র চারটি নিরাপত্তা আপডেট দিয়েছে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
পছন্দমতো গান বানাতে পারবেন জেমিনিতে
হোয়াটসঅ্যাপের বিকল্প ৫ মেসেজিং অ্যাপ

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।