স্যামসাংয়ের নতুন কারখানা চালু হচ্ছে ২০১৭ সালে
২০১৭ সালের প্রথমার্ধেই চালু হচ্ছে স্যামসাংয়ের ১ হাজার ৪০০ কোটি ডলারের নতুন চিপ কারখানা। স্মার্টফোন বাজারে আয় কমলেও নতুন চিপ কারখানা তাদের সার্বিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেই আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। খবর রয়টার্স।
রাজস্বের দিক দিয়ে চিপ উৎপাদন খাতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠানটি নতুন কারখানায় কোন ধরনের পণ্য উৎপাদন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি। সিউলের দক্ষিণে এ কারখানা স্থাপন করা হচ্ছে। এক বিবৃতিতে কোরীয় প্রতিষ্ঠানটি জানায়, তারা কারখানাটিতে ১ হাজার ৪৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। কোনো প্রকল্পে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিনিয়োগ।
স্থানীয় সংবাদমাধ্যম মানিটুডের তথ্য অনুযায়ী কারখানার চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে এতে আরো ১০ লাখ কোটি ওন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে ঠিক কবে নাগাদ এ বিনিয়োগ করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
গত বছর অনেকটা দুঃস্বপ্নের মতোই গিয়েছে স্যামসাংয়ের। এ সময় তাদের মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে। মূলত স্মার্টফোন বিক্রি কমার কারণেই তাদের সার্বিক মুনাফা কমে। তখনই তারা চিপ খাতে মনোনিবেশের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন কারখানা স্থাপন করা হচ্ছে বলে জানানো হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক বেশকিছু প্রতিবেদনে জানা গেছে স্যামসাং তাদের প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে পরবর্তী আইফোনের জন্য চিপ সরবরাহ করবে। এমনকি অ্যাপল পণ্যের জন্য স্যামসাং ডিসপ্লে সরবরাহ করবে বলেও শোনা যাচ্ছে। স্মার্টফোন বিক্রির চেয়ে স্মার্টফোন যন্ত্রাংশ বিক্রি করেই কোরীয় প্রতিষ্ঠানটি অধিক আয় করতে শুরু করেছে।
এআরএস/পিআর