জাতীয় ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতা শুরু ১ আগস্ট


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১১ মে ২০১৫

ইন্টারনেটের সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের দ্রুত সম্প্রসারণ ঘটছে। পণ্যের প্রচার ও প্রসারের ক্ষেত্রে সৃষ্টিশীল ডিজিটাল ডিজাইনিংয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ডিজিটাল ডিজাইনারদের প্রতিভা ও কাজ তুলে ধরতে আগামী ১ আগস্ট থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতা ২০১৫ আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার আয়োজন করছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং ও এফ-কমার্স প্রতিষ্ঠান র’দিয়া মিডিয়া আইএনসি।

জানা গেছে, প্রাথমিকভাবে প্রতিযোগিতা আয়োজনের কর্মপরিকল্পনা নির্ধারণে এপ্রিলজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছে র’দিয়া মিডিয়া। আর এতে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। গ্রাফিক ডিজাইনার ও ডিজাইনার হতে আগ্রহী এমন অনেকেই এ বিষয়ে মতামত দিয়েছেন।

র’দিয়া মিডিয়া আইএনসির প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউস সামস বলেন, মূলত ডিজিটাল সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনটি পর্যায়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে এপ্রিলজুড়ে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচারণা, পোস্টার, লিফলেট বিলি ও ডিজিটাল মার্কেটিং। দ্বিতীয় পর্যায়ে রেসপন্সিভ ওয়েবসাইটের মাধ্যমে ডিজাইনারদের কাজগুলো গ্রহণ করা হবে। শেষ পর্যায়ে বাছাইকৃত কাজগুলোর ডিজাইনারদের নিয়ে দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে দেয়া হবে পুরস্কার ।

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি, ডিজিটাল ডিজাইনার ক্লাস্টারের জন্য গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণমূলক ক্ষেত্র তৈরি, ডিজিটাল ডিজাইনিং নিয়ে বিভিন্ন কর্মশালা, বাছাইকৃত ডিজিটাল চিত্রকর্ম দেশে-বিদেশে প্রদর্শনীর ব্যবস্থা ও ডিজাইনারদের অনলাইনে আউটসোর্সিংয়ে আরো ভূমিকা রাখার উদ্দেশ্যে নানা উদ্যোগ নেয়া হবে বলে জানান রবিউস সামস।

তিনি বলেন, প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য ডিজিটাল আর্ট, ডিজিটাল টাইপোগ্রাফি, ডিজিটাল গ্রাফিকস ডিজাইন, সোস্যাল মিডিয়া ও ওয়েবপেজ লে-আউট ডিজাইন, স্থাপত্য নকশা ও অ্যানিমেশন ইত্যাদি ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ডিজিটাল চিত্রকর্মগুলোর কপিরাইট অধিকার সংরক্ষিত থাকবে যাতে করে ডিজাইনাররা সেগুলো আউটসোর্সিং করতে পারেন।

রবিউস সামস বলেন, প্রাথমিক পর্যায়ে এপ্রিলজুড়ে ইভেন্টের সোস্যাল মিডিয়া প্রচারণায় অনেক ধরনের মতামত এসেছে, যা সফলভাবে এ প্রতিযোগিতার আয়োজনে ভূমিকা রাখবে। বেশির ভাগ মতামত এসেছে ফেসবুকের মাধ্যমে, তবে ই-মেইল ও সেলফোনে গ্রাফিক ডিজাইনার ছাড়াও অন্যরা তাদের মতামত জানান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।