রিমেম্বারিং হয়ে গেল অনন্তর ফেসবুক আইডি


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৪ মে ২০১৫

সিলেটে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশের ফেসবুক আইডি `রিমেম্বারিং` করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তার আইডির সঙ্গে যুক্ত থাকা বন্ধু এবং অন্যান্য ফেসবুক ব্যবহারকারী শুভাকাঙ্খিদের `আইডি মেমোরাইজড` করার আবেদনের প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ অনন্তর আইডিকে `রিমেম্বারিং` করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অনন্ত বিজয় দাশের ফেসবুক আইডি `রিমেম্বারিং` হওয়ায় এখন কেউই আর তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না। এমনকি কেউ যদি বিজয়ের ফেসবুক আইডির পাসওয়ার্ডও হ্যাক করেন, তবুও তিনি ওই আইডিতে অ্যাক্সেস করতে পারবেন না। এই আইডিতে এখন ফেসবুক কর্তৃপক্ষ ছাড়া আর কারো নিয়ন্ত্রণ থাকবে না।

ফেসবুক কর্তৃপক্ষের নিয়মানুযায়ী, কোনো ফেসবুক ব্যবহারকারী মারা গেলে তার আইডি রিমেম্বারিং করার অপশন রয়েছে। এক্ষেত্রে ওই আইডির বন্ধু কিংবা অন্য ব্যবহারকারীদের আইডি মেমোরাইজড আবেদন লাগে। তবে বিষয়টির সত্যতা তথা ওই ব্যক্তি মারা গেছেন, এটা নিশ্চিত হয়েই ফেসবুক কর্তৃপক্ষ আইডি রিমেম্বরিং করে।

এর আগেও খুন হওয়া ব্লগার ও মুক্তমনা লেখক ওয়াশিকুর রহমান বাবু এবং অভিজিৎ রায়ের ফেসবুক আইডিও রিমেম্বরিং করে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারের নুরানী দিঘীর পাড়ে বাসা সংলগ্ন এলাকায় মুখোশপরা অজ্ঞাত ৪ দুর্বৃত্ত ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে এসএমপির বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

ছামির মাহমুদ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।