সংবাদ প্রচার করবে ফেসবুক
সরাসরি সংবাদ প্রচার সেবা চালু করেছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। ‘ ইনস্ট্যান্ট আর্টিকেল’ নামের সেবাটিতে সংবাদের জোগান দিতে নয়টি সংবাদ মাধ্যমের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নিউইয়র্ক টাইমস, বাজফিড, ন্যাশনাল জিওগ্রাফিকের মতো প্রতিষ্ঠানও রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের মোবাইল নিউজ ফিডে এখন থেকে সরাসরি সংবাদ পোস্ট হবে। নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত নয়টি সংবাদ মাধ্যমের সংবাদই আপাতত এখানে থাকবে। মোবাইলে ওয়েব আর্টিকেল লোড হতে যে সময় লাগে, ফেসবুকে সরাসরি সংবাদ পোস্ট করা হলে তা ১০ গুণ গতিতে লোড হবে। এতে গ্রাহকরা অতি অল্প সময়ে ফেসবুকে দেশ-বিদেশের খবর জানতে পারবেন।
এ বিষয়ে ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রাইস কক্স জানান, সংবাদ মাধ্যমগুলো নিজেদের আর্টিকেলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেই তা পোস্ট করবে এবং এতে তারা প্রয়োজনীয় ব্যবসানীতি মেনে চলবে। তিনি আরো বলেন, ‘সংবাদ প্রকাশকরা সংবাদের সঙ্গে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন। এতে প্রাপ্ত রাজস্বের পুরোটাই পাবে সংবাদ মাধ্যমগুলো। অথবা তারা ফেসবুককে বিজ্ঞাপন বিক্রির অনুমতি দিতে পারে।’
কমস্কোর ও অন্যান্য বিশ্লেষণী টুলসের মাধ্যমে ফেসবুক সংবাদ মাধ্যমগুলোকে ডাটা ও ট্রাফিক সম্পর্কে ধারণা লাভের সুযোগ দেবে। এতে তাদের সংবাদ কত সংখ্যক গ্রাহক পড়ছেন বা নতুন উদ্যোগ কী ধরণের সাড়া পাচ্ছে, সে সম্পর্কে সংবাদ মাধ্যমগুলো ধারণা পাবে।
নিউইয়র্ক টাইমস, বাজফিড, ন্যাশনাল জিওগ্রাফিকের পাশাপাশি এনবিসি, আটলান্টিক, গার্ডিয়ান, বিবিসি নিউজ, স্পেইগেল ও বিল্ডের মতো সংবাদ মাধ্যমগুলো ফেসবুকের সঙ্গে সাম্প্রতিক এ চুক্তি স্বাক্ষর করেছে।
গত মাসের শেষ দিকে সার্চ জায়ান্ট গুগলও ইউরোপের বেশকিছু সংবাদ মাধ্যমের সঙ্গে একটি চুক্তি করে। গণমাধ্যমগুলোকে আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যে ডিজিটাল নিউজ ইনিশিয়েটিভ নামের প্রকল্প চালু করে তারা। প্রতিষ্ঠানটি ইউরোপের গণমাধ্যমগুলোকে ১৫ কোটি ইউরো সহায়তার ঘোষণা দেয়। প্রকল্পটিতে প্রাথমিকভাবে যোগ দেয় অঞ্চলটির আট গণমাধ্যম। মূলত সাংবাদিকতার মানের উন্নয়নেই এ আর্থিক সহায়তা দেয়া হয়। লে একোস, এফএজেড, ফিন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান, এনআরসি মিডিয়া, এল পাইস, লা স্ট্যামপা ও ডি জাইট নতুন প্রকল্পটিতে যোগ দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথাগত সাংবাদিকতার উন্নয়নে এ সহায়তা দেয়া হচ্ছে না। সাংবাদিকতার ডিজিটাল রূপের উন্নয়নে এ অর্থ ব্যয়ের পরামর্শ দেয়া হয়। ডিজিটাল সাংবাদিকতার উন্নয়নে সাংবাদিকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় গবেষণায় এ অর্থ ব্যয় হবে। লন্ডন, প্যারিস ও হামবুর্গের সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানানো হয়। গণমাধ্যমে এ ধরনের বিনিয়োগ গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো যে সংবাদের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন গড়তে আগ্রহী, তারই প্রমাণ।
এএ/পিআর