জাপানের আইটি সপ্তাহে বাংলাদেশ
প্রথমবারের মতো জাপানের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘জাপান আইটি উইক’ এ অংশগ্রহণ করলো বাংলাদেশ। জাপানের রাজধানী টোকিওর বিগসাইটে অনুষ্ঠিত এ মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলকের নেতৃত্বে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ মে থেকে এ মেলা শুরু হয়েছে। চলবে ১৫ মে পর্যন্ত।
মেলার উদ্বোধনী দিনে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্টল উদ্বোধন করেন। বিশ্বের নামীদামী আইটি কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেলা বরাবরই বিশ্বের জমকালো আইটি মেলার অন্যতম একটি বলে বিবেচিত।
মেলায় অনুষ্ঠিত সেমিনারে প্রতিমন্ত্রী একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নিয়ে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রণোদনাসমূহ উল্লেখ করার মাধ্যমে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে অধিকহারে বিনিয়োগের আহ্বান জানান। প্রতিবছর এ মেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন পলক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, জাপান প্রযুক্তিবিশ্বে নেতৃত্ব দানকারী একটি দেশ। একই সঙ্গে জাপান বরাবরই বাংলাদেশের বন্ধু। তাই আগামী বছর থেকে বাংলাদেশ প্রতিবারই জাপানের আইটি সপ্তাহে অংশ নেবে। এমনকি তথ্যপ্রযুক্তিখাতে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সম্ভব সবকিছুই বাংলাদেশ করবে।
এসএইচএস/একে/আরআই