দুর্ঘটনার শিকার গুগলের চালকবিহীন গাড়ি
চালকবিহীন গাড়ি মানুষের চেয়ে দ্রুত সাড়া দেয়। এ কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। চালকবিহীন গাড়ি প্রযুক্তি উন্নয়নের শুরুর দিকে এমনটাই প্রচার করছিল নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
কিন্তু গত সোমবার ভিন্ন তথ্যই প্রকাশ করে গুগল। তাদের জানানো তথ্যমতে, চালকবিহীন গাড়িও দুর্ঘটনার শিকার হতে পারে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়িগুলো ১১বার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে জানানো হয়। খবর এএফপি।
গুগলের ২০টিরও বেশি চালকবিহীন গাড়ি রাস্তায় চলছে। ছয় বছর আগে থেকেই গাড়িটি নিয়ে গবেষণা শুরু করে মার্কিন প্রতিষ্ঠানটি। আর এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির চালকবিহীন গাড়িগুলো ১১ বার ছোট দুর্ঘটনার শিকার হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে গুগলের সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান ক্রাইস আর্মসন জানান, সাতবারই অন্য গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। ট্রাফিকে আটকে থাকার সময় এমনকি ফাঁকা রাস্তায় চলার সময়ও এ ধাক্কাগুলো লাগে।
সম্প্রতি অলাভজনক সংস্থা কনজিউমার ওয়াচডগ গুগলকে তাদের চালকবিহীন গাড়ির দুর্ঘটনার তথ্য প্রকাশের জন্য বলে। এতে সাধারণ মানুষ চালকবিহীন গাড়ির প্রযুক্তি গ্রহণ করবে, না বর্জন করবে, এ সিদ্ধান্ত নেয়া সহজ হবে। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি চালকবিহীন গাড়ির দুর্ঘটনাকবলিত হওয়ার তথ্য প্রকাশ করা হয়।
এআরএস/এমএস