জাতিসংঘের ৫০টি ল্যাপটপ পেলো তথ্যপ্রযুক্তি বিভাগ
জাতিসংঘের সাউথ সাউথ এডুকেশন ফাউন্ডেশন থেকে ৫০টি ল্যাপটপ অনুদান পেয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। অনুদানপ্রাপ্ত এসব ল্যাপটপ সরকারের ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রকল্পে যোগ করা হয়েছে। জাতিসংঘের অনুদানপ্রাপ্ত ৫০টি ল্যাপটপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সাউথ সাউথ এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি এবং সাউথ সাউথ কো-অপারেশনের জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট এ কে আব্দুল মোমেন,সাউথ সাউথ এশিয়া প্যাসিফিক ফাইন্যান্স সেন্টারের পরিচালক জেনি ইয়াও এবং তথ্যপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার।
এর আগে গত ৩ মে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের হাতে ডেল ব্র্যান্ডের ৫০০টি ল্যাপটপ তুলে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।
৫০০ ল্যাপটপের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)২০০ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১০০ জন শিক্ষার্থী এই ল্যাপটপ পান।
এআরএস/এমএস