৩০ জুন লিপ সেকেন্ড!


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৭ জুন ২০১৫

লিপ ইয়ারের সঙ্গে আমরা পরিচিত হলেও লিপ সেকেন্ড-শব্দটির সঙ্গে ততটা পরিচিত নই। কিন্তু ২০১৫ সালের ৩০ জুন ঘটতে চলেছে সেই লিপ সেকেন্ড। অর্থাৎ ৩০ জুন দিনটির মেয়াদ এক সেকেন্ড বেশি হচ্ছে।

হ্যাঁ, অদ্ভুদ শোনালেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)`র পক্ষ থেকে পুরো বিষয়টির কারণ বর্ণনা করা হয়েছে। নাসার গদ্দার্দ স্পেস ফ্লাইট সেন্টারের তরফ থেকে ড্যানিয়েল ম্যাকমিলান জানিয়েছেন, পৃথিবীর ক্রমশ কমতে থাকা দৈনিক অর্থাৎ আহ্নিক গতির সঙ্গে তাল মেলানোর জন্য এই জুন মাসে অতিরিক্ত ১ সেকেন্ড যোগ হবে। ফলে আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের পরেই পয়লা জুলাইয়ের সূচনা হবে না। আরো এক সেকেন্ড অপেক্ষা করতে হবে বিশ্বের সর্বত্রই।

পৃথিবীর গতি একটু ধীর হচ্ছে। তাই কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি এবং অ্যাটমিক টাইম একই রাখতে ইউটিসি-তে ১ সেকেন্ড যোগ করা হবে। জুন মাসে সাধারণত ৮৬ হাজার ৪০০ সেকেন্ড থাকে। এবার তা হবে তার থেকে এক সেকেন্ড বেশি। অর্থাৎ ৮৬ হাজার ৪০১ সেকেন্ড।
 
সাধারণত, ঘড়িতে ২৩:৫৯:৫৯ –এর পরই 00:00:00 অর্থাৎ পরের দিন হয়। কিন্তু ৩০ জুন ২৩:৫৯:৫৯ –এর পর হবে ২৩:৫৯:৬০ এবং তার পরে হবে 00:00:00 অর্থাৎ পরের দিন, ১ জুলাই।

তবে ব্যাপারটি যে এবারই প্রথম ঘটছে, তা নয়। এর আগে ১৯৭২ সালে প্রথম লিপ সেকেন্ড যোগ করা শুরু হয়।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।