রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রমজান হেল্পডেস্ক’ চালু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাবি
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের উদ্যোগে চালু করা হয়েছে ‘রমজান হেল্পডেস্ক’। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল হাসান মিঠুর উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ ও শহীদ মিনার প্রাঙ্গণে হেল্পডেস্কের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়। রমজানের প্রথম দিনেই প্রায় ৫০ জন শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।

হেল্পডেস্কে ইফতারকারীদের জন্য বসার উপযোগী প্লাস্টিক শিট, ফল কাটার জন্য ছুরি ও চপিং বোর্ড, ইফতার মেশানোর জন্য বড় ও ছোট গামলা, পানির বোতল, বিশুদ্ধ খাবার পানি ও পানি সরবরাহের ব্যবস্থা এবং উচ্ছিষ্ট ফেলার জন্য গার্বেজ ব্যাগ সরবরাহ করা হয়।

এছাড়া এতে ইফতার শেষে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে ও পরবর্তীতে উচ্ছিষ্ট ময়লা পরিষ্কার করে ডাস্টবিনে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রমজান হেল্পডেস্ক’ চালু

শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম নাইম ও জাকির হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক নাসিম, জিয়া হল ছাত্রনেতা সিয়াম ও জাহিদ, শাহ মখদুম হল ছাত্রনেতা আলতাফিন, সোহরাওয়ার্দী হল ছাত্রনেতা নিশানসহ অন্য নেতাকর্মীরা বুথ পরিচালনায় অংশ নেন।

এসময় ছাত্রদল নেতারা জানান, রমজানে মাসব্যাপী শিক্ষার্থীদের সুবিধার্থে এই হেল্পডেস্ক কার্যক্রম চালু থাকবে। প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আর-রাফি খান বলেন, এক বছর আগেও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এবং সফলভাবে শিক্ষার্থীদের সেবা দিতে পেরেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও পুরো রমজান মাসজুড়ে আমাদের হেল্পডেস্কের সেবা চলবে, ইনশাআল্লাহ।

মনির হোসেন মাহিন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।