ইবিতে ৩৮ দিনের ছুটি শুরু, বিভাগ চাইলে চলবে পরীক্ষা-অনলাইন ক্লাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান, ঈদুল ফিতর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবসসহ বেশ কয়েকটি দিবস উপলক্ষে ৩৮ দিনের দীর্ঘ ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে ছুটির মধ্যেও শিক্ষার্থীদের সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ১ দিন এবং ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১২ দিন শব-ই-কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে অফিসসমূহ বন্ধ থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, সকল বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বিভাগ চাইলে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নীল চিহ্নিত দিনগুলোতে পরীক্ষা নিতে পারবে এবং অনলাইনে ক্লাস পরিচালনা করা যাবে। শারীরিক উপস্থিতিতে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।

উল্লেখ্য, ছুটিকালীন সময়ে অফিসসমূহ বন্ধ থাকলেও জরুরি সেবাসমূহ যেমন চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা চালু থাকবে।

ইরফান উল্লাহ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।