পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক আবুল হাসনাত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক পাবিপ্রবি
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৪ মে ২০২৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

জানা যায়, ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ১৯৯১ সালে মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণি অর্জন করেন। পরবর্তীতে জাপান সরকারের মনবুশো বৃত্তির আওতায় ওকায়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University) থেকে ২০১০ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।