জাবিতে ধর্ষণচেষ্টা: ৬ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নতুন প্ল্যাটফর্ম ‘নিরাপদ ক্যাম্পাস আন্দোলন’ গঠন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা ও ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে এই প্ল্যাটফর্ম গঠন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬ টায় নতুন কলা অনুষদে অনুষ্ঠিত এক আলোচনাসভা থেকে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, দলীয় ব্যানার বা রাজনৈতিক এজেন্ডার বাইরে থেকে শুধুমাত্র ভিকটিমের ন্যায়বিচার এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনায় টেকসই আন্দোলন গড়ে তোলার সুযোগ থাকলেও ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ও অসততার কারণে তা ব্যাহত হয়েছে।
আলোচনাসভায় বিভিন্ন অনুষদ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে প্রাথমিক প্রতিনিধি দল গঠন করা হয়।
প্রতিনিধিরা হলেন- সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের ৫৩ ব্যাচের আফিয়া ইবনাত সামিহা, নতুন কলা অনুষদ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের মুখলাতুল জিনান তৃষা, আইন ও বিচার অনুষদ থেকে আইন ও বিচার বিভাগের ৫১ ব্যাচের জাইবা জাফরিন, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১ ব্যাচের সুমাইয়া ইসলাম সামিয়া এবং জীববিজ্ঞান অনুষদ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের মীম খানম।
প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে অংশগ্রহণের ভিত্তিতে নারী ও পুরুষ উভয় শিক্ষার্থীদের নিয়ে প্রতিনিধি কাঠামো সম্প্রসারণ করা হবে। সাধারণ শিক্ষার্থীসহ যেকোনো রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থী নিজ রাজনৈতিক পরিচয় প্রকাশ ও স্বচ্ছতা বজায় রেখে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন।
এসময় তারা প্রাথমিকভাবে ৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, তদন্ত কমিটির অগ্রগতি ২১ মে’র মধ্যে প্রকাশ, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার, প্রধান নিরাপত্তা কর্মকর্তার শূন্য পদ পূরণ ও নারী নিরাপত্তারক্ষী নিয়োগ, সাইবার নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণের টেন্ডার দ্রুত প্রকাশ, বহিরাগত নিয়ন্ত্রণে পাসকার্ড ব্যবস্থা চালু, কুইক রেসপন্স টিম গঠন এবং সব ভিকটিমকে আইনগত ও আর্থিক সহায়তা দেওয়া।
এছাড়া বিশেষ দিনগুলোতে মেয়েদের হলের নিরাপত্তা নিশ্চিত, সিঅ্যান্ডবি থেকে গেরুয়া পর্যন্ত প্রস্তাবিত রাস্তার কাজের অগ্রগতি জানানো এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রবেশাধিকার বিষয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তারা।
মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/এমএস