সহিংসতার প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি
দেশব্যাপী চলমান হরতাল, অবরোধে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। এসময় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেশের ভবিষ্যতকে সন্ত্রাস ও পেট্রল বোমার মাধ্যমে ধ্বংসের দিকে যারা ঠেলে দিচ্ছে তাদের ধিক্কার জানান এবং এ ধরণের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বুধবার দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ কালে এ প্রতিবাদ জানান।
এসময় হরতাল, অবরোধ ও নৈরাজ্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক নেতারা।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সকল শিক্ষকের সার্বিক সহযোগিতায় বিগত ছয় বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এজন্য উপাচার্য শিক্ষক সমিতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতেও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে উপাচার্য ও প্রশাসনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্যের সাথে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
এমএএস/পিআর