জাবিতে ২টি ককটেল বিস্ফোরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের পাশে শহীদ মিনারে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শিক্ষার্থীরা জানান, রাতে শহীদ মিনারে কোনো এক জায়গায় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ হয়। পরে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী জানান, শহীদ মিনারে এক সঙ্গে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। এ সময় তিনি কাউকে দেখেননি বলেও জানান।
এদিকে ককটেল বিস্ফরণের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে জাবি ছাত্রলীগ। জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ছাত্রদলই এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
বিস্ফোরণের এ অভিযোগকে অস্বীকার করে জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ভুইয়া বলেন, ছাত্রদলের ধর্মঘটকে ভিন্নখাতে প্রবাহিত করতে ছাত্রলীগই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, বহিস্কৃত ছাত্রদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষাদানের সুযোগ, আটক ছাত্রনেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং সহাবস্থান নিশ্চিতের দাবিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাবি ছাত্রদলের সর্বাত্মক ধর্মঘট চলছে।
বিএ/এমএস