শতবর্ষে পা রাখলো কারমাইকেল কলেজ


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১০ নভেম্বর ২০১৬

‘শতবর্ষে শতপ্রাণ, ঐতিহ্যের জয়গান’ স্লোগানে কারমাইকেল কলেজ পূর্ণ করেছে গৌরবের পথচলায় এক শতাব্দী। ১৯১৬ সালের এই দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল বৃহত্তর রংপুরের বাতিঘরতুল্য বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের।

লর্ড কারমাইকেলের নাম অনুসারে নামকরণ করা হয় কলেজটির। বয়সের হিসেবে প্রতিষ্ঠানটি আজ শত বছর পূর্ণ করল। আজ কলেজটির বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভাগগুলো শতবর্ষ পূর্তি উদযাপন করেছে। বিকেলে কলেজ ক্যাম্পাসে ভীড় জমায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

কেন্দ্রীয়ভাবে শতবর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠাকাল বিবেচনায় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রবর্তী শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানকে তাই উত্তরবঙ্গের অক্সফোর্ড হিসেবে অভিহিত করা হয়ে থাকে।

প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম এই ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয় প্রায় আটশ বিঘা জমি নিয়ে। বর্তমানে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রিসহ ২১টি বিষয়ে সম্মান ও স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন প্রায় ২৭ হাজার শিক্ষার্থী।

সজীব হোসাইন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।