কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ মাস পর ক্লাস-পরীক্ষা শুরু


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শনিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। সেই সাথে শুরু হয়েছে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শনিবার খুললে শিক্ষার্থীদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ  খুলে দেওয়া হলে শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠেছে। গত বুধবার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার সভাকক্ষে সিন্ডিকেটের জরুরী সভায় অনির্দিষ্টকালের বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার মিছিল, মিটিং, সভা ও সমাবেশ বন্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতির কারণে ৩৭ দিন বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। এ বছর ৮ জানুয়ারিতে ক্যাম্পাস খুলে দেওয়া হলেও ১০ জানুয়ারি অনিবার্য কারণ দেখিয়ে আবারও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা রোধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।