ঢাবি ও রাইন ওয়াল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত


প্রকাশিত: ০২:০২ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জার্মানীর রাইন ওয়াল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের দফতরে ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রাইন ওয়াল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ম্যারি লাউস ক্লজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় ঢাবি এবং রাইন ওয়াল বিশ্ববিদ্যালয় যৌথভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ডিগ্রি প্রদান করবে। একইসাথে এই চুক্তির মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার গুণগত মান উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
 
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তৃতায় বলেন, এর মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ও জার্মানীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

জার্মানীর সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক পুরনো এবং পরিক্ষিত উল্লেখ করে উপাচার্য পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক বিষয়ে বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং বাংলাদেশের সত্যেন্দ্রনাথ বোস (এসএন বোস) এর যৌথ গবেষণা ও প্রকাশনার উদ্ধৃতি দেন।

এছাড়া উভয় বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাইন ওয়াল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. পিটার ক্লজ এবং অধ্যাপক ড. ম্যালি রিচার্ট, ঢাবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমিন ও একই বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।