রাবির বাস ভাঙচুর : শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বাস ভাঙচুর করেছে নগরীর পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর কাটাখালী বাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করে ছাত্রদের উপর হামলার সুষ্ঠ বিচার, বাসের ক্ষতিপূরণসহ ৫টি দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বানেশ্বর রুটের বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে কাটাখালী এলাকায় যানজটের মধ্যে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৭০১) অতিক্রম করে। ট্রাকটি পুনরায় সামনে থেকে পিছনের দিকে এসে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি পড়ে যাওয়ার উপক্রম হয়। ফলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করে। পরে কাটাখালী বাজারের পরিবহন শ্রমিকরা বাসটি আটক করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং বাসটির গ্লাস ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জানান, বাস ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিয়েছে। শিক্ষার্থীরা কয়েকটি অভিযোগ করেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবহন বাস চালু রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। সংগঠনটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক কিংশুক কিঞ্জল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এসএস/আরআইপি