জাবির জার্নালিজম বিভাগের সভাপতির পদত্যাগ দাবি


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৬ মে ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আমিনা ইসলামের পদত্যাগ দাবি করে স্মারকলিপি জমা দিয়েছেন বিভাগের অপর তিনজন শিক্ষক। বৃহস্পতিবার জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, শেখ আদনান ফাহাদ, রাকিব আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপিটি উপাচার্য বরাবর জমা দেওয়া হয়। শনিবার গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, বিভাগের বর্তমান সভাপতি জনাব আমিনা ইসলাম শিক্ষকদের সম্মানহানি, অসৌজন্যমূলক ও প্রভুসূলভ আচরণ, একের পর এক অনিয়ম ও দুর্নীতি, শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাচারিতা ও দায়িত্বজ্ঞানহীনতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। তাঁর প্রশ্নবিদ্ধ কার্যক্রমসমূহ প্রাতিষ্ঠানিক ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপত্তিকর বিধায় আমরা তাঁর প্রতি অনাস্থা জ্ঞাপনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

বিভাগের শিক্ষকের উপর পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতা ও নৈতিক-যৌক্তিক আন্দোলন বন্ধের অপচেষ্টা, অসৌজন্যমূলক আচরণকারী, একাডেমিক কমিটির সভার কার্যবিবরণী পরিবর্তন, ভয়ভীতি ও হুমকি প্রদানকারী, ক্যামেরা ক্রয়-সংক্রান্ত দুর্নীতি ও অনিয়ম, শিক্ষা সফর বিষয়ে অসহযোগিতা ও বিভিন্ন দিবস ও অনুষ্ঠান পালনে রহস্যময় নীরবতার কারণ দেখিয়ে স্মারকলিপিতে সভাপতির পদত্যাগ দাবি করেন তারা।

এ দাবি পালন না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষাসহ বিভাগের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে আগামী তিন কর্মদিবসের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বিভাগীয় শিক্ষক উজ্জল কুমার মন্ডল জানান, ‘ভিসি বরাবর আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত আমরা বিভাগীয় কোনো কাজে অংশ নিব না’।

বিভাগীয় সভাপতি আমিনা ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়ে আমি কিছু জানিনা। আমাকে কিছু জানানো হয়নি’।

হাফিজুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।