বেরোবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট প্রত্যাহার
২০১৪-১৫ (স্নাতক) শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ওএমআর শিট বাতিল এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফলাফল পুর্নমূল্যায়নের দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বিশ্ববিদালয়ের ভিসি প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবীর পক্ষে সহকারী প্রক্টর শাহিনুর রহমানের নেতৃত্বে একটি দল বেলা ১২টার দিকে সমাবেশস্থলে গিয়ে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্বদ্যিালয় শাখার সভাপতি মনোয়ার হোসেন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবির প্রেক্ষিতে তদন্ত দল গঠন করায় এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আমরা ছাত্র ধর্মঘট প্রত্যাহার করে নেই।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২,৩,৪ ও কবি হায়াত মাহমুদ ভবনে তালা লাগিয়ে ছাত্র ধর্মঘট পালন করে প্রগতিশীল ছাত্রজোট।
এমজেড/পিআর