আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ঢাবির ফিলানথ্রোপিক সোসাইটি


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৮ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রোপিক সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সোসাইটির কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোসাইটির মডারেটর অধ্যাপক জিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফিলানথ্রোপিক সোসাইটির সভাপতি কৌশিক সুর, সাধারণ সম্পাদক আ ন ম ফখরুল আমিন, সহ-সভাপতি নাজমুস সাকিবসহ সোসাইটির সদস্যগণ উপস্থিত ছিলেন।  

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দরিদ্র ও বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।

উদারতা ও মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে ফিলানথ্রোপিক সোসাইটির সদস্যরা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।