হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেলেন বাকৃবি অধ্যাপক
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। চলতি বছরের ১১ মার্চ তিনি বিশ্ববিদ্যালয়টির ‘গ্লোবাল হেলথ অ্যান্ড সোশ্যাল মেডিসিন’ বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পান।
সোমবার (১১ মে) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. আমিনুল ইসলাম বলেন, বাকৃবির ছাত্রজীবনই তার উচ্চশিক্ষা ও গবেষণার ভিত তৈরি করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বড় স্বপ্ন দেখা, প্রতিযোগিতামূলক পড়াশোনার পরিবেশ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং নিজের নিরন্তর প্রচেষ্টা আমাকে মানসিকভাবে দৃঢ় করেছে।
তিনি জানান, জীবনের শুরুতে মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থতার অভিজ্ঞতা তাকে হতাশ করলেও পরে বাকৃবির ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ষষ্ঠ হয়ে ভেটেরিনারি অনুষদে ভর্তি হন। পরবর্তীতে ডিভিএম ও এমএস-এ সর্বোচ্চ সিজিপিএ অর্জনের পাশাপাশি বেলজিয়ামে মাস্টার্স, জার্মানিতে পিএইচডি এবং জাপানে পোস্টডক সম্পন্ন করেন।
ড. আমিনুল ইসলামের মতে, আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে শুধু মেধাই নয়; শৃঙ্খলা, ধারাবাহিকতা, সময়ের সঠিক ব্যবহার এবং শেখার আগ্রহও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সীমিত রিসোর্সের মধ্যেও যারা ধারাবাহিকভাবে কাজ করে এবং শেখার আগ্রহ ধরে রাখে, তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয়ের নাম বা ডিগ্রিকে কেন্দ্র করে চিন্তা করলে হবে না। সফলতার জন্য প্রয়োজন স্পষ্ট লক্ষ্য, ধারাবাহিকতা এবং নিজের কাজের মাধ্যমে সমাজ ও বিশ্বে অবদান রাখার মানসিকতা।
তরুণদের উদ্দেশ্যে তিনি আন্তর্জাতিক ভাষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি নয়, বরং কাজই একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়।
জানা গেছে, শিক্ষকতা, গবেষণা ও শিক্ষার্থী পরামর্শদানে অধ্যাপক আমিনুল ইসলামের রয়েছে ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা। বাংলাদেশ, বেলজিয়াম, জার্মানি ও জাপানে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক জার্নালে তার ৬০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার গবেষণার মূল ক্ষেত্র ইমিউনোজেনোমিক্স এবং জুনোটিক ও সংক্রামক রোগের মহামারীবিদ্যা।
কেএইচকে/জেআইএম