ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাবি শিক্ষক চাকরিচ্যুত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেটে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চাকরিচ্যুত শিক্ষক হলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এ. কে. এম আনিসুজ্জামান।
জানা যায়, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ আগস্ট অভিযুক্ত এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পরে অধিকতর তদন্তের জন্য উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে প্রধান করে একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগের ঐ ব্যাচের সকল ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সকল ছাত্রীই বিভিন্ন সময় বিভিন্নভাবে ঐ শিক্ষকের দ্বারা একই ধরণের ঘটনার শিকার হয়েছেন। বিষয়টির বিস্তারিত তদন্ত শেষে সিন্ডিকেট তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।’
এ বিষয়ে বরখাস্ত শিক্ষক এ. কে. এম আনিসুজ্জামান বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। কিছুক্ষণ পরে কথা বলব’ বলে ফোন কেটে দেন।
হাফিজুর রহমান/এসএইচএস/পিআর