শিক্ষার্থীদের চাপের মুখে ফিরে গেলেন অধ্যক্ষ
রংপুর কারমাইকেল কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ এসএম মোকছেদ আলীর পুনরায় যোগদান ঠেকাতে প্রশাসন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে স্বপদে পুনরায় যোগদানের বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা তার যোগদান প্রতিহত করার ঘোষণা দিয়ে প্রশাসন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। ফলে যোগদানের জন্য এসেও তিনি শিক্ষার্থীদের চাপের মুখে ফিরে গেছেন।
কলেজ সূত্রে জানা যায়, নানা দুর্নীতি ও অনিয়মের কারণে এসএম মোকছেদ আলী প্রায় দেড় বছর ধরে বরখাস্ত অবস্থায় ছিলেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের হলে সম্প্রতি আদালত থেকে অধ্যক্ষ পদে যোগদানের নির্দেশ পাওয়ায় মঙ্গলবার স্বপদে যোগদান করার ঘোষণা দেন তিনি। এদিকে তার যোগদানের বিষয়টি ছড়িয়ে পড়লে সকাল থেকেই প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে মোকছেদ আলী পরীক্ষা নিযন্ত্রণ কক্ষ থেকে বেরিয়ে প্রশাসন ভবনের দিকে এগুতে থাকলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। পরে তাদের চাপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ত্যাগ করেন তিনি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পূর্বের অধ্যক্ষ নানা দুর্নীতি ও অনিয়ম করে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ওই অধ্যক্ষ পুনরায় যোগদান করলে কলেজে দুর্নীতি ও অনিয়ম বৃদ্ধি পাবে।
কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষের যোগদান ঠেকাতে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা লাগিয়ে দিয়েছেন।
জানতে চাইলে মোকছেদ আলী জাগো নিউজকে জানান, তিনি ওই কলেজের বৈধ অধ্যক্ষ। তার যোগদান প্রতিহত করার এখতিয়ার কারও নেই। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করবেন বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন বিনতে নাসরিন বানুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এসএস/পিআর