বেরোবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ ও কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ গ্রুপের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মী ও কারমাইকেল কলেজ শাখা ছত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন গ্রুপের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মন্ডল, তিতাস চন্দ্র রায় ও সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজীব মন্ডলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ জাগো নিউজকে বলেন, বিশবিদ্যালয় শাখার সভাপতি ও সম্পাদকের ইন্ধনে এ হামলা করা হয়েছে।
এদিকে, কারমাইকেল কলেজ শাখা এবং রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন জাগো নিউজকে বলেন, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। আমি বিষয়টি জানতে পেরে সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এসএস/আরআই