রাবিতে ১২টি নতুন বিভাগ খোলার উদ্যোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১২টি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চারুকলা নামে পৃথক একটি অনুষদ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া নামে একটি বিভাগ চালুরও অনুমোদন দিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশনে এসব তথ্য উঠে এসেছে। রাবির বিজ্ঞান কারিগরি কারখানার উপদেষ্টা পরিষদের সভায় চারটি ট্রেড কোর্স চালু করার সুপারিশের বিষয়টিও সিনেট অধিবেশনে উঠে আসে।
বিভাগগুলো হলো অনুজীব বিদ্যা, চিকিৎসা মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্যান বিদ্যা, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য আইন, আইন ও ভূমি প্রশাসন, আন্তর্জাতিক ও তুলনামূলক আইন, ব্যক্তি আইন ও সমাজ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা।
সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বিভাগগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কিছু অনুমোদন দিয়েছে আর কিছু দেয়নি। বাকিগুলো দিলেই আমরা ভর্তি প্রক্রিয়া শুরু করবো। তবে কয়েকটি বিভাগের ভর্তি কার্যক্রম ২০১৫-১৬ শিক্ষাবর্ষে হতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ চালুর অনুমোদন দিয়েছে। ’
উপাচার্য আরো বলেন, এসব নতুন বিভাগ-কোর্স-অনুষদ চালু করার মাধ্যমে দ্রুত সম্প্রসারণশীল একাডেমিক ও কর্মসংস্থান প্রতিযোগিতার চ্যালেঞ্জ রাবি গ্রহণ করতে পারবে এবং এখানকার শিক্ষার্থীরা আরো কার্যকরভাবে সমাজ ও দেশের উপকারে নিজেদের নিয়োজিত করার সুযোগ পাবে।’
নতুন বিভাগ খোলার ব্যাপারে বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘বিভাগগুলো অনেক দিন আগেই খোলার কথা। আলতাফ স্যার যখন উপাচার্য ছিলেন তখনই বিষয়গুলো খোলার কথা ছিলো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে খোলার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তবে নতুন বিভাগুলো না হলেও পুরাতন যে কয়েকটা বিভাগ (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসা মনোবিজ্ঞান) আছে সেগুলো হয়তো সামনে চালু করা সম্ভব হবে।’
চারুকলা নামে পৃথক একটি অনুষদ চালুর ব্যাপারে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল মতিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘চারুকলা পৃথক অনুষদের বিষয়টি ইউজিসি অনুমোদন দিয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তিনটি বিভাগে এর ভর্তি কার্যক্রম শুরু হবে।’
এদিকে ২০১৫ সালে রাবির বিজ্ঞান কারিগরি কারখানার উপদেষ্টা পরিষদের সভায় চারটি ট্রেড কোর্স চালু করার সুপারিশ করা হয়েছে। কোর্সগুলো হচ্ছে ওয়েল্ডিং, এয়ার কন্ডিসনিং অ্যান্ড রিফ্রিজারেসন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোনিক্স এবং কম্পিউটার ট্রাবল সুটিং।
এ বিষয়ে বিজ্ঞান কারিগরী কারখানার প্রশাসক অধ্যাপক সৈয়দ এম এ ছালাম জাগো নিউজকে বলেন, ‘কারিগরি কারখানার উপদেষ্টা পরিষদের সভায় ৩৬ মাসের স্বল্প মেয়াদী কোর্স চালুর সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ওয়েল্ডিংসের মতো যে ছোটখাট কাজ করতো তা করার জন্য মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর কোর্সগুলো অনুমোদনের জন্য এখনো ইউজিসিতে পাঠানো হয়নি। অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করে দেবো।
এসএস/আরআইপি