রাবির সমাজকর্ম বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৩ জুন ২০১৫

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু উৎসর্গ করার মনোভাব রাখতে হবে। সবসময় সরকারের মুখাপেক্ষী না থেকে শিক্ষক-শিক্ষার্থীরা কোনো বিষয়ে উদ্যোগ নিলেই তা সম্পন্ন করা সম্ভব।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় নিজের উদ্যোগে বিভাগ খুলবে। সেটি যৌক্তিক মনে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাতে পূর্ণ সমর্থন দিবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান হতে হবে বিশ্বমানের। কারণ বিশ্ব শিক্ষার সাথে তাল মিলিয়ে না চলতে পারলে প্রতিযোগিতায় পাল্লা দেয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টায় এবং সহায়তায় বিশ্ববিদ্যালয়কে সুউচ্চে নিয়ে যাওয়া সম্ভব বলে জানান তিনি।

বিভাগের শিক্ষক প্রফেসর সৈয়দা আফরিনা মামুন ও ড. মো. শাহীদুর রহমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানা, বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর আবু বকর সিদ্দিক ভূঁইয়া, প্রফেসর মো. জালাল উদ্দিন ও প্রফেসর মো. রেজাউল করিম।

বিভাগীয় সভাপতি প্রফেসর শর্মিষ্ঠা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন মাতিন। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে অতিথিবৃন্দকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকাল ৯টায় বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়। এছাড়া বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।